১২ মার্চ ২০১৬ - ০১:৫৭
ক্ষিপ্ত হয়ে সৌদি প্রতিনিধিদলের ওয়াকআউট

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষে কথা বলায় আরব লীগের বৈঠক থেকে ওয়াকআউট করেছে সৌদি আরবের প্রতিনিধিদল।

আবনা ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষে কথা বলায় আরব লীগের বৈঠক থেকে ওয়াকআউট করেছে সৌদি আরবের প্রতিনিধিদল। মিশরের রাজধানী কায়রোয় বৃস্পতিবার আরব লীগের এ বৈঠক হয়। বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি নিজ দেশের স্বেচ্ছাসেবী সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের ভূমিকার প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখেন।
তার এ বক্তব্যের পর সৌদি প্রতিনিধিদল বৈঠক থেকে ওয়াকআউট করে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ এ খবর দিয়েছে।
আরব লীগের বৈঠকে ইব্রাহিম আল-জাফারি বলেছেন, “ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি এবং হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন আরবদের সম্মান রক্ষা করছে। যারা এসব সংগঠনকে সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী।”
সম্প্রতি, সৌদি আরব লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। গত ২ মার্চ সৌদি নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে কালো তালিকাভুক্ত করেছে।
এছাড়া, ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি ইরাকের জনপ্রিয় সংঠন নয় বলে মন্তব্য করায় বাগদাদ সরকার সৌদি রাষ্ট্রদূতকে ২৩ জানুয়ারি তলব করেছিল। ইরাক ওই মন্তব্যকে কূটনৈতিক প্রটোকল-বিরোধী বলে উল্লেখ করে।#